জুলাইয়ে দেশের রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৫%

আপডেট: ২০২৫-০৮-০৪ ১৭:২৭:১৭


নতুন অর্থবছরের প্রথম মাসে অর্থাৎ জুলাইয়ে দেশে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে ৪৭৭ কোটি ৫ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ২৪ দশমিক ৯০ শতাংশ।

সোমবার (৪ আগস্ট) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত জুলাই মাসে বেড়েছে দেশের রপ্তানি আয়। প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক ৯০ শতাংশ। ২০২৪ সালের জুলাই মাসে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩৮১ কোটি ৯৫ লাখ ডলার।

তৈরি পোশাক খাত

জুলাই মাসে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৯৬ কোটি ২৬ লাখ ডলারে। আর ২০২৪ সালের একই সময়ে এ আয় ছিল ৩১৭ কোটি ৮৪ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের মধ্যে ২১৭ কোটি ৮৬ লাখ ডলার এসেছে নিটওয়্যার রপ্তানি থেকে, যা বছর ব্যবধানে ২৬ দশমিক ০১ শতাংশ বেড়েছে। এছাড়া ১৭৮ কোটি ৩৯ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রপ্তানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২৩ দশমিক ০৮ শতাংশ।

ইপিবির তথ্যানুযায়ী, জুলাই মাসে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য, হোম টেক্সটাইল এবং চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি বেড়েছে। হোম টেক্সটাইলের রফতানি আয় ১৩ দশমিক ২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৮০ লাখ ডলারে।

এছাড়া চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে ২৯ দশমিক ৬৫ শতাংশ। জুলাই মাসে রপ্তানি হয়েছে ১২ কোটি ৭৩ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। আর কৃষি পণ্যের রপ্তানি আয় ১২ দশমিক ৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৫ লাখ ডলারে। ২০২৪ সালের একই সময়ে যা ছিল ৮ কোটি ১ লাখ ডলার।

এএ