খাদের কিনারা থেকে ফিরে স্বস্তিতে দেশের অর্থনীতি: ড. সালেহউদ্দিন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৮-১২ ২০:৪৫:২৫
দেশের অর্থনীতি খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে এখন স্বস্তির জায়গায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে। দেশের অর্থনীতি এখন স্বস্তির জায়গায় পৌঁছেছে। এবার প্রবৃদ্ধি ৩ দশমিক ৯৭ শতাংশ থেকে ৫ দশমিক ৭ শতাংশ হতে পারে।
খাতভিত্তিক বিভিন্ন পরিস্থিতি তুলে ধরতে গিয়ে অর্থ উপদেষ্টা বলেন, গত সরকারের সময়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে ছিল। সেখান থেকে উন্নতি করতে সরকার কাজ করেছে। আরও ভালো করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, দেশের মূল্যস্ফীতি গত বছরের জুলাইতে ছিল ১৪ শতাংশ। তা কমে চলতি বছরের জুলাইতে ৮ দশমিক ১৬ শতাংশ হয়েছে। এটি শিগগিরই ৬ শতাংশে নেমে আসবে।
পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কারা অর্থ পাচার করেছে সেটি চিহ্নিত করা হচ্ছে। বিদেশ থেকে অর্থ ফিরিয়ে আনতে আইনজীবী নিয়োগ করা হয়েছে। তবে পাচারকৃত এসব অর্থ ফিরিয়ে আনা সহজ নয়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














