সচিব হলেন যুবলীগ নেতা নোবেলের বোন নাজনীন কাউসার

সানবিডি২৪ আপডেট: ২০২৫-০৮-২৭ ২২:১৬:৫৭


চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের বোন ড. নাজনীন কাউসার চৌধুরী সচিব পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতির পর তাকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে। এনএসডিএর নির্বাহী চেয়ারম্যানের পদটি সচিব পদমর্যাদার পদ। এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগের অতিরিক্ত সচিব ছিলেন।

গত মঙ্গলবার (২৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অভিযোগ রয়েছে ড. নাজনীন কাউসার চৌধুরী এবং তার পরিবার আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শের অনুসারী। ২০২৩ সালে গঠিত হওয়া চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল তাঁর আপন ভাই। এছাড়া, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা জোবাইরা নার্গিস খান তাঁর আপন খালা।

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ড. নাজনীন কাউসার চৌধুরী আওয়ামী পরিবারের উল্লেখ করে তাকে ‘অর্থ বিভাগ’ অথবা ‘অর্থনৈতিক সম্পর্ক বিভাগ’ অথবা ‘বাণিজ্য মন্ত্রণালয়ে পদায়নের জন্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নিকট সুপারিশ করে চিঠি লিখেছিলেন।

২০২২ সালের ১৭ এপ্রিল লেখা চিঠিতে সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান উল্লেখ করেন, যুগ্মসচিব ড. নাজনীন কাউসার চৌধুরী ব্যক্তিগতভাবে আমার পরিচিত। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫শ (পঞ্চদশ ব্যাচের। একজন কর্মকর্তা। বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম তিনি সদস্য (অর্থ ও বাণিজ্য) পদে কর্মরত রয়েছেন। কর্মজীবনে তিনি মেধা ও যোগ্যতার যথাযথ ব্যবহারের মানদণ্ডে অত্যন্ত সততা, নিষ্ঠা, আন্তরিকতা, দক্ষতা এবং সুনামের সাথে সরকারি দায়িত্ব পালন করে আসছেন।

উল্লেখ্য,  নাজনীন ইতোপূর্বে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে বাংলাদেশ দূতাবাস, ব্রাসেলস, বেলজিয়ামেও কাজ করেছেন।

‘পারিবারিকভাবে তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের অনুসারী। ড. নাজনীনের বাবা ভাষাসৈনিক, রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম বদিউল আলম চৌধুরী ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং হোসেন শহীদ সোহরোওয়ার্দির সাথে একসাথে রাজনীতি করেছেন। এছাড়া, তাঁর আপন ভাই  মনোয়ার-উল আলম চৌধুরী নোবেল চট্টগ্রাম মহানগর যুবলীগের ‘সাধারণ সম্পাদক’ পদপ্রার্থী এবং তাঁর আপন খালা মিজ জোবাইরা নার্গিস খান চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা।’

নুরুজ্জামান আহমেদ লেখেন, ড. নাজনীন প্রশাসনের একজন মেধাবী কর্মকর্তা। তিনি অস্ট্রেলিয়ান সরকারের বৃত্তি নিয়ে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি হতে অর্থনীতিতে ৩টি ডিগ্রী (পিএইচডি, এমএস এবং ডিপ্লোমা) অর্জন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে তিনি অর্থনীতিতে ১ম শ্রেণিতে ১ম স্থান অর্জন করেন। ড. নাজনীনকে তাঁর পড়াশোনার ব্যাকগ্রাউন্ড বিবেচনা করে ‘অর্থ বিভাগ’ অথবা ‘অর্থনৈতিক সম্পর্ক বিভাগ’ অথবা ‘বাণিজ্য মন্ত্রণালয়’ অথবা ‘অন্য যে কোন মন্ত্রণালয়’এ পদায়ন করা হলে তাঁর কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে এবং তিনি অধিকতর নিষ্ঠা। একাগ্রতাসহ স্বীয় দায়িত্ব পালন করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

এএ