তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র থাকবে: ইসি সচিব
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৮-২৮ ১৮:২৭:০৭
নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র স্থাপন করা হবে। এক্ষেত্রে গড়ে ৬০০ জন পুরুষ ভোটার ও ৫০০ জন নারী ভোটারের জন্য একটি করে কক্ষ নির্ধারণ করা হবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
ইসি সচিব বলেন, জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা ২০২৫-এর ৩(১) দ্রুততম সময়ে সংশোধন করা হবে। একইসঙ্গে ভোটগ্রহণের তারিখে ২৫ দিন পূর্বে ভোট কেন্দ্রগুলোর চূড়ান্ত তালিকা সরকার গেজেট প্রকাশ করবে।
আখতার আহমেদ আরও বলেন, ব্যবহার উপযোগী স্বচ্ছ ব্যালট বাক্স ৩০ নভেম্বর মধ্যে চূড়ান্ত করা হবে এবং সংসদ নির্বাচনের বাজেট ১৫ নভেম্বর চূড়ান্ত করা হবে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অনুকূলে অর্থ বরাদ্দের জন্য বৈঠকটি ১৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
তিনি জানান, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতি শেষ হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রথম সভা হবে ২৫ সেপ্টেম্বর এবং আন্তঃমন্ত্রণালয় সভা ৩১ অক্টোবর। একই সময়ের মধ্যে ৩১ আইসিটি সংক্রান্ত সব কাজ সম্পন্ন করা হবে বলে জানান তিনি।
নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনের সুষ্ঠু ও সফল আয়োজনের জন্য প্রতিটি ধাপ সময় মতো সম্পন্ন করা হচ্ছে। এই ধারাবাহিকতা বজায় রেখে তারা একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














