কুমিল্লা ইপিজেড থেকে রেকর্ড ৯০২ মিলিয়ন ডলারের পণ্য রফতানি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৯-০৫ ০৯:২০:৫৪


কুমিল্লা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার পর সবচেয়ে বেশি পণ্য রফতানি করে রেকর্ড গড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে রাজনৈতিক অস্থিরতার মাঝেও ৯০২ মিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে প্রতিষ্ঠানটি। রফতানি বাড়ার সঙ্গে সঙ্গে জাতীয় ও স্থানীয় অর্থনীতিতে এ ইপিজেডের গুরুত্ব বাড়ছে।

কুমিল্লার দক্ষিণ চর্থা এলাকায় ২০০০ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ইপিজেড সূত্রে জানা গেছে, এখানে কর্মরত ৫০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী। গত তিন অর্থবছরে পণ্য রফতানি করেছে দুই হাজার ৯৩৩ দশমিক ৬৪ মিলিয়ন ডলারের। তবে ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত রফতানি না বেড়ে কমে গিয়েছিল। ২০২১-২২ অর্থবছরে ৮১৪ দশমিক ৮২ মিলিয়ন ডলারের পণ্য রফতানি হয়েছিল। ২০২২-২৩ অর্থবছরে ৭৯০ দশমিক ৯৫ মিলিয়ন ডলারের পণ্য রফতানি হয়। ২০২৩-২৪ অর্থবছরে ৭১১ দশমিক ৩৭ মিলিয়ন ডলারের পণ্য রফতানি হয়। আর ২০২৪-২৫ অর্থবছরে ৯০২ মিলিয়ন ডলারের পণ্য বিভিন্ন দেশে যায়। হিসেবে আগের বছরগুলোর চেয়ে ১০০ মিলিয়ন ডলারের বেশি পণ্য রফতানি বেড়েছে।

এনজে