ছাত্র-শিক্ষক রাজনীতিতে শিক্ষাব্যবস্থা ধ্বংস হচ্ছে: বদিউল আলম

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৯-১৩ ১৬:৩০:০১


লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছাত্রদের দিয়ে রাজনীতি করার মাশুল সাধারণ জনগণকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ: জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

বদিউল আলম বলেন, শিক্ষার্থীদের ছাত্র এবং শিক্ষকদের শিক্ষক হিসেবেই থাকতে হবে; তাদের রাজনীতিবিদ হতে দেয়া যাবে না।

তিনি বলেন, ‘লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছাত্রদের দিয়ে রাজনীতি করার মাশুল আমাদের দিতে হচ্ছে। কিন্তু এই লেজুড়বৃত্তিক রাজনীতি থাকতে পারবে না–এমন সদিচ্ছা রাজনৈতিক দলগুলোর থাকতে হবে। ছাত্র ও শিক্ষকের রাজনীতির মাধ্যমে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। স্বৈরাচার তৈরির পথ বন্ধ করতে হলে ছাত্রদের ছাত্র এবং শিক্ষকদের শিক্ষক হিসেবেই থাকতে হবে। যার কাজ সে না করার উদাহরণ হচ্ছে জাকসু নির্বাচন।’

তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কিছু সংস্কার প্রয়োজন। আমাদের ঐক্য আছে, তবে এর জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা দরকার।’

আলোচনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হচ্ছে।

বিএইচ