জাঁকজমকপূর্ণ আয়োজনে কমিউনিটি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৫-০৯-১৩ ২১:৩৪:৫৮
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান বাহারুল আলম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বাহারুল আলম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি মানুষের ব্যাংক হিসেবে সেবা দিয়ে আসছে। ট্রাস্ট, সিকিউরিটি অ্যান্ড প্রোগ্রেস -এই মূলনীতির আলোকে আমরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
ব্যাংকের পরিচালনা পর্ষদ, সম্মানিত গ্রাহকবৃন্দ, বিশিষ্ট অতিথিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়। এরপর ব্যাংকের সাম্প্রতিক উদ্ভাবন ও অর্জন তুলে ধরে একাধিক অডিও-ভিজ্যুয়াল প্রেজেন্টেশন, মোশন গ্রাফিক্স ও বিশেষ প্রদর্শনী উপস্থাপন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত তাঁর বক্তব্যে ব্যাংকের ভিশন, মিশন ও ভবিষ্যৎ রোডম্যাপ তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, কমিউনিটি ব্যাংক দেশের এসএমই ও স্টার্টআপ খাতের বিকাশে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে ব্যাংক “এসএমই ৩৬০” চালু করেছে, একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক সমাধান এবং প্রতিষ্ঠা করেছে দেশের প্রথম ব্যাংক-নেতৃত্বাধীন স্টার্টআপ অ্যাক্সিলারেটর “স্টার্টআপ নেস্ট”। এছাড়াও স্থানীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় ব্যাংক চালু করেছে এআই-চালিত স্মল ক্রেডিট স্কোরিং মডেল এবং গ্রাহক সেবায় নতুন সুবিধা হিসেবে কিউআর-ভিত্তিক নগদ উত্তোলন ও কমিউনিটি অ্যাক্সেস নামের ওয়েব-ভিত্তিক ব্যাংকিং সেবা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস. এম. সাজ্জাত আলী, র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, অ্যাডিশনাল আইজি মো. গোলাম রসুল, ডিআইজি কাজী মো. ফজলুল করিম, অ্যাডিশনাল ডিআইজি আহম্মদ মুঈদ এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্সপেক্টর কামরুল হাসান তালুকদার।
এসময় আর্থিক অন্তর্ভুক্তির অঙ্গীকারের অংশ হিসেবে নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিশেষ রিফাইন্যান্সিং চেক বিতরণ করা হয়।
এছাড়া প্রিয়শপ এবং ইনজেনি সিঙ্গাপুর -এর সহযোগিতায় তৈরি এআই-চালিত ক্রেডিট স্কোরিং মডেলের আওতায় প্রথম চেকটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এসময় বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের এসএমই এবং স্পেশাল প্রোগ্রাম বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা।
অনুষ্ঠানের শেষাংশে কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। জাঁকজমকপূর্ণ গালা ডিনার ও সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে ৬ বছরের প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং সেবার উৎকর্ষতা উদযাপন শেষ হয়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














