চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু, ভোটার ২৭ হাজার ৬৩৭

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-০৯-১৪ ১৪:৩৯:১৮


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। প্রথম মনোয়নপত্র সংগ্রহ করেছেন ক্রীড়া সম্পাদক পদে চবি’র শাহজালাল হলের ছাত্র তায়েবুল আলম ফরাজী। নির্বাচনে মোট ভোটার তালিকাভুক্ত হয়েছেন ২৭ হাজার ৬৩৭ জন ছাত্র-ছাত্রী।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে চাকসু ভবনে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। এদিন সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে চাকসু নির্বাচন কমিশন।

চাকসু নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানিয়েছেন, চাকসু’র ২৬টি পদে এবং হলের ১৫টি পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মনোয়নপত্র বিতরণ চলবে।

বিএইচ