আর্থিকখাতের শৃঙ্খলায় দ্রুত নির্বাচিত সরকার দরকার: ড. ফাহমিদা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৯-২৭ ১৮:০৪:৩৫


আর্থিকখাতের শৃঙ্খলায় দ্রুত নির্বাচিত সরকার দরকার বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্য ড. ফাহমিদা খাতুন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) এফডিসিতে ব্যাংকিং খাতের শৃঙ্খলায় ব্যাংক একীভূতকরণ নিয়ে ছায়া সংসদে তিনি এ কথা জানান।

ফাহমিদা খাতুন বলেন, অর্থনীতি ও রাজনীতি পাশাপাশি চলে, একে অপরের পরিপূরক। দুর্বল শাসনব্যবস্থার মাধ্যমে অর্থনীতি চলতে পারে না। সঠিক রাজনীতি ছাড়া সঠিক অর্থনীতি হয় না। স্বল্প মেয়াদী সরকার দীর্ঘায়িত হওয়া অর্থনীতির জন্য মঙ্গলজনক নয়। এতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হয়। তাই আর্থিকখাতের শৃঙ্খলার জন্য দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার দরকার।

তিনি বলেন, ঢালাওভাবে ব্যবসায়ীদের ব্যাংক হিসাব জব্দ রাখা ঠিক নয়। কোন বড় ধরণের বিচ্যুতি না থাকলে জব্দকৃত হিসাবগুলো খুলে দেয়া যায়। তা না হলে সার্বিক ব্যবসা—বাণিজ্য, দারিদ্র ও কর্মসংস্থানের ওপর বিরাট প্রভাব পড়বে।

ড. ফাহমিদা বলেন, গত এক বছরে অর্থনীতির কিছু সূচকের পতন ঠেকানো গেলেও সংকট কাটেনি, দারিদ্র কমছে না। ব্যাংকিং খাতে বিগত সরকারের সময় সুশাসন ছিল না। প্রতিটি সূচকেই খুব খারাপ অবস্থা ছিল। অর্থনীতির আকারের চেয়ে রাজনৈতিক বিবেচনায় অনেক বেশি ব্যাংক অনুমোদন দেয়া হয়েছিল। যা পৃথিবীর কোথাও নেই।

তিনি বলেন, বিগত সময়ে নিজেদের সম্পদকে বাড়ানোর হাতিয়ার হিসেবে ব্যাংকগুলোকে ব্যবহার করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল ব্যাংকসমুহকে একীভূত করার যে চেষ্টা চালাচ্ছে তার প্রক্রিয়াটি বেশ জটিল এবং ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে মানুষের মধ্যে ধোঁয়াশা রয়েছে।

বিএইচ