ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল বরখাস্ত
সানবিডি২৪ আপডেট: ২০২৫-১০-১৩ ১১:৫৯:৫৫
ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গাড়িকাণ্ড ও দুর্নীতির সঙ্গে তার নাম জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে আইন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে সম্প্রতি জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এই বরখাস্ত কার্যকর হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের ভিত্তিতেই তাকে সাময়িকভাবে পদ থেকে সরানো হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বিষয়টি প্রকাশ্যে আসে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা যুক্তিযুক্ত মর্মে কর্তৃপক্ষের কাছে প্রতীয়মান হয়েছে।
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ সুপ্রিম জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালা-২০১৭ এর বিধি ১১ অনুযায়ী রেজাউল করিম চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














