ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে: সিইসি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১০-১৮ ১৯:২৬:০৯
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। যেহেতু আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা নেয়া হয়েছে, সে মোতাবেক ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার (১৮ অক্টোবর) সকালে ও বিকেলে আলাদাভাবে বরিশালের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার বিভাগ ও নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ও বিকেলে হয় সার্কিট হাউসে এই সভা। পরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে দেন সিইসি।
এসময় তিনি বলেন, যেহেতু আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে, তাই বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে, যদি নির্বাচনের আগে বিচার সম্পন্ন হয় তখন সেটা দেখা যাবে।
এছাড়া, এনসিপির শাপলা প্রতীকের দাবীর প্রশ্নে সিইসি বলেন, নির্বাচন কমিশনের তালিকায় না থাকায় শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, কোনো গোয়েন্দা সংস্থা দ্বারা প্রভাবিত হবে না নির্বাচন কমিশন। সভায় বরিশালের বিভাগীয় কমিশনার, ছয় জেলার জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














