কাতারে পুলিশকে সহযোগিতা করে পুরস্কার পেলেন বাংলাদেশি প্রবাসী সবুজ

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৫-১০-২৩ ১৭:৩২:১৬


জননিরাপত্তা বজায় রাখতে কাতার পুলিশকে সহযোগিতা করায় বাংলাদেশি প্রবাসী মুহাম্মদ নূর উদ্দিনকে (সবুজ) পুরস্কৃত করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MoI)-এর অধীন নর্থ সিকিউরিটি ডিরেক্টরেট। জননিরাপত্তা বজায় রাখতে তাঁর অসাধারণ সহযোগিতা ও নাগরিক দায়িত্ববোধের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়।

কাতার ভিত্তিক একটি সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, নর্থ সিকিউরিটি ডিরেক্টরেটের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহমদ খালেদ আল খলিফি নূর উদ্দিনকে এ পুরস্কার প্রদান করেন। এসময় তিনি নূর উদ্দিনের সময়োপযোগী ও দায়িত্বশীল পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ব্রিগেডিয়ার জেনারেল আল খলিফি বলেন, নূর উদ্দিনের উদ্যোগ সমাজে বসবাসকারী প্রত্যেক বাসিন্দার জন্য অনুপ্রেরণাদায়ক, যা দেখায় কীভাবে সাধারণ মানুষও সমাজের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবসময় সেইসব নাগরিক ও প্রবাসীদের মূল্যায়ন করে যারা দায়িত্বশীল আচরণ করে এবং নিরাপত্তা সংস্থার সঙ্গে ইতিবাচকভাবে সহযোগিতা করে।

আল খলিফি উল্লেখ করেন, “মুহাম্মদ নূর উদ্দিনের মতো সচেতন ও সহায়ক সমাজের সদস্যরা কাতারের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের প্রতীক।”

তিনি আরও যোগ করেন, “এ ধরনের উদ্যোগ জীবন রক্ষা, জনশৃঙ্খলা বজায় রাখা এবং জাতীয় পর্যায়ে আস্থা ও নিরাপত্তার সংস্কৃতি গড়ে তুলতে সহায়তা করে।”

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নাগরিক ও প্রবাসী উভয় শ্রেণির মানুষকে এভাবে সম্মাননা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সততা, সচেতনতা এবং কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার মনোভাবকে উৎসাহিত করা।

বিএইচ