দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু থাকবে মেট্রোরেল: সেতু উপদেষ্টা

সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৫-১০-২৬ ১৬:১২:৫৬


রাজধানীর ফার্মগেট স্টেশন এলাকায় মেট্রোরেলের একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পথচারীর মৃত্যুর ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

তিনি আরও জানিয়েছেন, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আপাতত শুধু দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রোরেল চালু থাকবে।

আজ দুপুর ২টা নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এমনটা বলেন।

আজ (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের ৫৩৩ নং পিলারের বিয়ারিং প্যাড খুলে মাথায় পড়ে আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয়। ফার্মগেট মেট্রোস্টেশন-সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শনে শেষে উপদেষ্টা বলেন, ‘সেতু বিভাগের সচিব আবদুর রউফকে আহ্বায়ক করে আমরা তদন্ত কমিটি গঠন করেছি৷ তারা আগামী ২ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন। তারা আগের ঘটনার তদন্ত রিপোর্ট পর্যালোচনা করবেন এবং কেন এই ঘটনা ঘটছে সেটা খুঁজে বের করবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেব এবং পরিবারের যদি কেউ কর্মক্ষম থাকে তাকে মেট্রোরেলে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করব।’

সোহরাওয়ার্দী হাসপাতালে আহতদের দেখতে যাবেন বলেও জানিয়েছেন সেতু উপদেষ্টা।