বেগম জিয়ার মৃত্যুতে ডিএসই’র শোক

সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-১২-৩০ ১৭:১৮:১১


সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মমিনুল ইসলাম এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মঙ্গলবার ডিএসই’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন সংস্থাটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।

তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান৷ তাঁরা মহান আল্লাহর কাছে বেগম জিয়ার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা এবং শোকাহত সকলের ধৈর্য ধারণের শক্তি প্রার্থনা করেন।

শোকবার্তায় ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ছিল সততা, নীতি, দায়িত্ববোধ ও জনকল্যাণের প্রতি অটল অঙ্গীকার। গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় তিনি আজীবন লড়াই করে গেছেন এবং নীরব দৃঢ়তার সঙ্গে দেশের মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, পাশাপাশি জাতীয় অর্থনৈতিক কাঠামো সুদৃঢ়করণে তিনি অনন্য অবদান রেখেছেন। তাঁর ব্যক্তিত্বের সরলতা, মানবিকতা, সহনশীলতা ও দূরদৃষ্টি আমাদের জাতীয় জীবনে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার শোকবার্তায় বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে তিনি সর্বদা চেষ্টা করেছেন দেশের ঐক্য, সম্প্রীতি ও অগ্রগতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে। রাজনীতির অস্থির সময়ে তাঁর প্রজ্ঞাময় নেতৃত্ব নানা সংকট উত্তরণের পথ দেখিয়েছে। দেশ ও জনগণের প্রতি তাঁর নিবেদিতপ্রাণ সেবার কারণে তিনি মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছেন এবং থাকবেন।

এএ