বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএসইসির শোক

সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-৩০ ২০:৪২:১৭


বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে কমিশনের ৯৯০তম সভায় এ সংক্রান্ত একটি শোকপ্রস্তাবও গৃহীত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, তাঁর মৃত্যুতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান, কমিশনার ও কর্মকর্তা-কর্মচারীরা গভীরভাবে শোকহত।

সংস্থাটি জানায়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি বাংলাদেশ ও দেশের জনগণের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই দফা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি বহুদলীয় গণতন্ত্র, সাংবিধানিক শাসনব্যবস্থা ও রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। দীর্ঘদিন বিরোধীদলীয় নেতা হিসেবেও সংসদীয় রাজনীতিতে সক্রিয় থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালন করেছেন তিনি। দেশের মানুষের কাছে তিনি একজন অনুকরণীয় ও অনুসরণীয় নেতৃত্বের প্রতীক ও শ্রদ্ধার পাত্র হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর পক্ষ হতে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয় এবং গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। একইসাথে বিএসইসির পক্ষ থেকে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বিএইচ