চাঁদপুরে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল মা-ছেলের
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০২-১৮ ১২:৫০:৪৪
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়ীতে এ দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় মৃতরা হলেন, ওই গ্রামের মৃত শাহাদাত খানের স্ত্রী আমেনা বেগম রিনা (৬৫) ও তাঁর ছেলে এনামুল হক রাসেল খান (৩৫)।
পারিবারিক সূত্রে জানা গেছে, এনামুল হক রাসেল ও তাঁর মা তাদের বাড়ির প্রায় ৫০০ গজ উত্তর দিকে নতুন ভিটা বাড়িতে স্যালো মেশিন দিয়ে পানি দেওয়ার জন্য রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির তার থেকে সংযোগ নিতে যান। এ সময় বিদ্যুতায়িত হয়ে মা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আমেনা বেগম রিনা ও এনামুল হক রাসেলের শরীরে আগুন জ্বলতে দেখে চিৎকার দেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে গিয়ে বালু দিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও তাদের বাঁচানো যায়নি।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক ঘটনাস্থলে ছুটে যান এবং মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
ওসি মো. হাফিজুর রহমান মানিক বলেন, পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ আত্মীয়ের নিকট হস্তান্তর করা হয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













