নারী ফুটবল দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভকামনা
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২৬-০২-১৯ ১৬:১৬:৪৮
দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এবার এশিয়ার সর্বোচ্চ মঞ্চে লড়াইয়ের অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ বৃহস্পতিবার মধ্যরাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন ঋতুপর্ণারা। এই ঐতিহাসিক ও গৌরবময় মুহূর্তে নারী দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক বার্তায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ শুভকামনা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
বার্তায় আমিনুল হক বলেন, আমাদের মেয়েরা বারবার প্রমাণ করেছে যে, অদম্য ইচ্ছা আর পরিশ্রম থাকলে যে কোনো বাধা জয় করা সম্ভব। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আজ তারা এশিয়ার সেরা দলগুলোর মুখোমুখি হতে যাচ্ছে। এটি কেবল নারী ফুটবলের উন্নয়নই নয়, বরং ক্রীড়াবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের নারীশক্তির অগ্রযাত্রার এক অনন্য প্রতিফলন।
তিনি আরও যুক্ত করেন, আমি বিশ্বাস করি, অস্ট্রেলিয়ার মাঠেও আপনারা লাল-সবুজের পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন। জয়-পরাজয় ছাপিয়ে আপনাদের লড়াকু মানসিকতা সারা বিশ্বের কাছে বাংলাদেশের আত্মপরিচয় তুলে ধরবে।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আপনারা খেলবেন হৃদয়ের গভীর থেকে, সেরা নৈপুণ্য দিয়ে, আমাদের দেশের জন্য। আপনাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। আমি নারী ফুটবল দলের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














