ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু, সড়ক অবরোধ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০২-২১ ১১:২২:৩৪
শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের ব্রহ্মপুত্র সেতুতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবাও ছেলে নিহত হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন।
শুক্রবার বিকেলে শেরপুর-জামালপুর সড়কের ব্রহ্মপুত্র সেতুর দক্ষিণ পাশের সড়কে স্থাপিত পুলিশ চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের সময় ওই এলাকায় পুলিশ চেকপোস্টে ডিউটি করছিলেন। এসময় শেরপুরগামী একটি ট্রাককে থামানোর জন্য ইশারা করে পুলিশ। ট্রাকটির পেছনে থাকা একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে বের হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা একটি শিশু অলৌকিকভাবে বেঁচে যায়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পুলিশ চেকপোস্টের কাছে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি শেরপুর সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নে। ঘটনাস্থল জামালপুর জেলায় পড়েছে বিধায় বিষয়টি জামালপুর সদর থানা পুলিশ দেখছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













