বাংলাদেশ-ভারত বাণিজ্য দৃঢ় করতে দুই দেশই কাজ করছে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০২-২২ ০৯:১৩:৫৪
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বাণিজ্য ও শিল্প খাত আরও সদৃঢ় করতে উভয় দেশ কাজ করছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে সিলেট সার্কিট হাউজে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাসের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, এ আলোচনা সিলেটের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। ভারতীয় সহকারী হাইকমিশনারও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এদিন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের সহকারী হাইকমিশনার। বৈঠকে সিলেট অঞ্চলের সঙ্গে ভারতের বাণিজ্য সম্প্রসারণ, স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বৃদ্ধি, ব্যবসায়িক বাধা দূরীকরণ, পাট ও বস্ত্র খাতে বিনিয়োগ এবং শিল্প উন্নয়নে কারিগরি সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এরপর সন্ধ্যায় বাণিজ্যমন্ত্রী সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।
এর আগে সিলেট নগরীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী। এদিন বিকালে লাক্কাতুরা এলাকায় টিসিবির পণ্যের মান ও বিতরণ প্রক্রিয়া সরেজমিন দেখে তিনি সাংবাদিকদের জানান, টিসিবির সেবাকে জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক নাগরিক কমিটি গঠন করা হবে। যাতে কোনো ধরনের অনিয়ম না ঘটে।
মন্ত্রী বলেন, টিসিবির পণ্য সরবরাহ কেবল একটি বিতরণ কার্যক্রম নয়, এটি জরুরি সেবা। রমজান উপলক্ষ্যে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির বিশেষ উদ্যোগের অংশ হিসাবে আগামী ১২ মার্চ পর্যন্ত দেশব্যাপী ট্রাকসেল কার্যক্রম অব্যাহত থাকবে। পরিদর্শনকালে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














