গাজীপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংর্ঘষ, যাত্রীবাহী বাসে আগুন

আপডেট: ২০২৬-০২-২৭ ১৪:৪৫:০৬


গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ড বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানিয়েছে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরের ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া বলেন, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বোর্ড বাজার এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই বাসটি যাত্রী নিয়ে টাঙ্গাইল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে রাস্তার সাথে ঘর্ষণ লেগে। এক পর্যায়ে ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়ে বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘন্টার চেষ্টায় সকাল পৌণে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটিতে যাত্রী কম থাকায় তারা দ্রুত নেমে পড়েছেন। এসময় সড়কে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

এনজে