ব্যাংকার্স ক্লাবের সভাপতি আকতার, সম্পাদক রশীদ
সানবিডি২৪ ডেস্ক আপডেট: ২০২৬-০২-২৮ ১৫:০৪:৫২
ব্যাংকারদের ঐতিহ্যবাহী সংগঠন ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে মো. রাশেদ আকতার এবং সাধারণ সম্পাদক পদে রশীদ-উন-নবী নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়। নির্বাচন ঘিরে সদস্যদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
নির্বাচনে বিভিন্ন পদে ‘ব্যাংকার্স ঐক্য পরিষদ’ ও ‘সার্বজনীন ব্যাংকার্স পরিষদ’—এই দুই প্যানেলের মোট ৪৬ জন প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী অংশ নেন।
সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ মোট ১৯টি পদে ব্যাংকার্স ঐক্য পরিষদ প্যানেল বিজয়ী হয়। অন্যদিকে সমাজসেবা সম্পাদকসহ ৩টি কার্যনির্বাহী সদস্য পদে জয় পায় সার্বজনীন ব্যাংকার্স পরিষদ প্যানেল। তারা আগামী ২ বছর দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সুবীর কুমার কুন্ডু, সহ-সভাপতি মো. মোফাজ্জাল মামুন খান ও মো. শফিকুল ইসলাম ফকির পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল হাসান, সাংগঠনিক সম্পাদক আমিন মো. মেহেদী হাসান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম মাসুদ, ক্রীড়া সম্পাদক মো. মাহমুদুল হাসান রানা, সমাজসেবা সম্পাদক হাসিনা ফেরদৌস, সংস্কৃতি সম্পাদক কাজী আজিজুর রহমান।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- মোহাম্মদ লুৎফুল হাবিব, এম. এম. সাইফুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, আ. ক. ম. রোকনুজ্জামান খন্দকার, শারমিন আক্তার, মো. শাহিন উদ্দিন, আবেদ-উর-রহমান, ফয়সাল আহমেদ, মোহাম্মদ হুমায়ুন কবীর ও আজমেরী সুলতানা।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সদস্যদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ক্লাবের সার্বিক উন্নয়ন, সদস্য কল্যাণ নিশ্চিতকরণ এবং ঐক্যভিত্তিক শক্তিশালী সংগঠন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














