শাহজালাল বিমানবন্দরে তিনদিনে ১০২ ফ্লাইট বাতিল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৩-০২ ১৭:০২:৫৩
ইরানে মার্কিন-ইসরাইল হামলা এবং মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কায় ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
সোমবার (২ মার্চ) ৩৯টিসহ তিন দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানা গেছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট ও ১ মার্চ ৪০টি ফ্লাইট বাতিল হয়।
রোববার (১ মার্চ) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৫টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, কুয়েত এয়ারওয়েজ (কুয়েত) ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট রয়েছে।
বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ, দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে চালু হবে সবকটি ফ্লাইটই।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














