বাজার মূলধন কমেছে ২০ হাজার কোটি টাকা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-০৭ ১০:০৩:১৪


বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে  বাজার মূলধন ও টাকার অংকে লেনদেনের পরিমাণ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ১৮ হাজার ৩৬৪ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৯৭ হাজার ৯৫১ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ২০ হাজার ৪১৩ কোটি টাকা টাকা বা ২ দশমিক ৮৪ শতাংশ কমেছে।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ১৪১ কোটি ৮৫ লাখ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৬২৪ কোটি ৩০ লাখ টাকা।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ৩৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬৭ পয়েন্ট  এবং ডিএসই-৩০ সূচক ১৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৮ পয়েন্টে এবং ২ হাজার ১১ পয়েন্টে।

সপ্তাহটিতে ডিএসইতে ৩৯২ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৯ টির , দর কমেছে ৩২৫ টির এবং ৮ টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

 

এসকেএস