শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারী গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৬-০৩-০৭ ১১:০৫:৪৩


গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনকে কেন্দ্র করে মনোয়ারা বেগম নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার এমসি বাজার (বেপারীপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শেখ ফরিদ পলাতক রয়েছে।

গুলিবিদ্ধ মনোয়ারা বেগম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ মনোয়ারা বেগম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের জানান, উপজেলার এমসি বাজার এলাকায় অগ্রণী ব্যাংকের অধিগ্রহণকৃত জমিটি দীর্ঘদিন ধরে দেখাশোনা করেন স্থানীয় জয়নাল হাজারী ও তার স্ত্রী মনোয়ারা বেগম। জমিটি পতিত থাকায় সীমানা প্রাচীরের ভেতরে স্থানীয় কয়েকজন যুবক প্রায়ই মাদক সেবন করতেন। সম্প্রতি ওই জমিতে সবজি চাষের উদ্দেশ্যে বাঁশ দিয়ে জমির এক পাশের অংশে বেড়া দেওয়ার কfজ শুরু করে মনোয়ারার স্বামী জয়নাল। আজ সন্ধ্যায় সীমানা প্রাচীরের ভিতরে জমিতে বেড়া দিতে বাধা দেয় মাদকসেবীরা। এতে উভয় পক্ষের মধ্য বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মাদক সেবনকারী শেখ ফরিদ জয়নাল হাজারীকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তা লক্ষভ্রষ্ট হয়ে পাশে থাকা তার স্ত্রী মনোয়ারা বেগমের পায়ে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা আতংকে রয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আসিফ জানান, পায়ে গুলিবিদ্ধ অবস্থায় মনোয়ারা বেগমকে হাসপাতালে নিয়ে আসে স্বজনেরা। গুলিটি তার পায়ের ভেতরে হাড়ের কাছাকাছি অবস্থান করছে। উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ নারীকে ঢাকা বা ময়মনসিংহে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মোহাম্মদ নাচির আহমেদ বলেন, অভিযুক্তকে আটক ও ঘটনাটি তদন্তে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এনজে