এফবিসিসিআইতে প্রাক-বাজেট আলোচনা

রাজস্ব ব্যবস্থাপনা ও বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ প্রস্তাবনা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৩-১২ ১৯:৫০:১১


বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে আসন্ন জাতীয় বাজেটে নীতিগত ধারাবাহিকতা নিশ্চিতকরণের আহ্বান জানিয়েছে শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে এফবিসিসিআই’র মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনা সভায় এসকল প্রস্তাব জানানো হয়।

জানা গেছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে এফবিসিসিআই -এর সদস্য সংগঠনসমূহের সাথে প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার বিষয়ে আলোচনা হয়। এছাড়াও জাতীয় বাজেটে সুদের হার যৌক্তিকীকরণ, কর-জিডিপি অনুপাদ বৃদ্ধি, ওয়ান স্টপ সার্ভিসের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, বন্দর ও লজিস্টিকস ব্যবস্থাপনা আধুনিকায়ন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি নিশ্চিতকরণ, রপ্তানি বহুমুখীকরণে অগ্রাধিকার খাতের উন্নয়ন, সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউজ স্থাপন এবং অংশীজনভিত্তিক আইন প্রণয়ন প্রভৃতি প্রস্তাব জানানো হয়েছে এফবিসিসিআই’র পক্ষ থেকে।

সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে ট্যাঙ্-জিডিপি অনুপাত বৃদ্ধির জন্য সরকারকে করের আওতা বাড়ানোর পরামর্শ দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। পাশাপাশি, কর নীতি, কর পদ্ধতি ও ব্যবস্থাপনায় অটোমেশন ও ইন্টিগ্রেশন বাস্তবায়নসহ স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান ব্যবসায়ীগণ।

এফবিসিসিআই’র প্রশাসক মো. আবদুর রহিম খান জানান, ‘সরকার দেশে ট্যাঙ্-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঠিক করেছে। ব্যবসায়ীদের অভয় দিয়ে তিনি বলেন, সরকার রাজস্ব আহরণ বাড়াতে চায় মানে এই নয় আপনাদের ওপর করের বোঝা বাড়বে। বরং করের আওতা বাড়ানোর মাধ্যমেই রাজস্ব আয় বাড়ানো হবে।

তিনি আরও জানান, বেসরকারি খাতের পক্ষ থেকে উঠে আসা যৌক্তিক সুপারিশসমূহ জাতীয় রাজস্ব বোর্ডের ৪৬তম পরামর্শক কমিটির সভায় উপস্থাপন করবে এফবিসিসিআই।

এর আগে স্বাগত বক্তব্যে এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর বলেন, ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট এমন একটি সময় হতে যাচ্ছে- যখন বিশ্ব অর্থনীতি একটি অস্থিতিশীল, জ্বালানীর বাজার অস্থির এবং বিনিয়োগ সম্ভাবনা অনিশ্চিত। এমন পরিস্থিতিতে- নতুন সরকারের জন্য এবারের বাজেট প্রণয়ন হবে চ্যালেঞ্জিং। ব্যবসায়ী সমাজকে যৌক্তিক প্রস্তাবনা প্রদানের মাধ্যমে সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য এবং এফবিসিসিআই’র বাজেট এঙ্পার্ট কমিটির সদস্য মো. ফরিদ উদ্দিন এবং আমিনুর রহমানসহ এফবিসিসিআই এর সাবেক পরিচালকবৃন্দ, বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, এফবিসিসিআই’র কর্মকর্তাবৃন্দ।

বিএইচ