পাথরঘাটায় বাবাকে পিটিয়ে হত্যা, ২ ছেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৩-২২ ১৯:০৭:০২


বরগুনার পাথরঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছেলেদের হাতে মন্টু শিকদার (৬২) নামক এক বাবা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২২ মার্চ) সকালে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাথরঘাটা থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ এনামুল হক।

এর আগে গত শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর কাঠালতলী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে নিহতের অপর ছেলে রিয়াজ শিকদার বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর ২১ মার্চ রাতে র‌্যাব-৮ পটুয়াখালী ও র‌্যাব-৩ মাদারীপুর ক্যাম্পের যৌথ অভিযানে শরীয়তপুর এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি নিহতের ছেলে সোহেল ওরফে কাইয়ুম শিকদার(৩৬) ও  নাসির শিকদার (৩৯)-কে গ্রেফতার করা হয়। পরে তাদের পাথরঘাটা থানায় সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মামলা এবং পারিবারিক সূত্র থেকে জানা যায়, নিহত মন্টু শিকদারের দুইটি সংসার ছিল। প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। প্রথম সংসারের সন্তান সোহেল ও নাসিরের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে ভাড়াটে লোকজন নিয়ে গত শুক্রবার দুপুরে নিজ পিতার ওপর হামলা চালায় অভিযুক্তরা। এসময় লাঠিপেটায় ঘটনাস্থলেই মন্টু শিকদারের মারা যান।

এই হত্যা মামলার বাদী নিহত মন্টুর দ্বিতীয় সংসারের ছেলে রিয়াজ শিকদার অভিযোগ করেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী কুদ্দুস ওরফে গেন্দু হাওলাদারকে আসামি করতে চাইলেও তাকে হামলায় অন্তর্ভুক্ত করা হয়নি।

বিষয়টি  প্রসঙ্গে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, “এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনজে