কালিয়াকৈরে সড়কে নিহত ২, ময়লার স্তূপ থেকে কঙ্কাল উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৩-২৮ ০৯:৩১:৫৬


গাজীপুরের কালিয়াকৈরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ও বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত নারীর পরিচয় পাওয়া গেলেও পুরুষের পরিচয় জানাতে পারেনি পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) ভোরে এবং সকালে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওগাত উল আলম দুর্ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১০টার দিকে সাহেদা বেগম (৬৩) বাসা থেকে জিরানীতে আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুরগামী দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারীর লাশ উদ্ধার করে এবং ট্রাক জব্দ করে। সাহেদা বেগম প্রায় দুই সপ্তাহ আগে গাজীপুরের হরিনহাটি এলাকায় ছেলের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

অপরদিকে, একই দিন ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা খাড়াজোড়া এলাকা থেকে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। তার পড়নে চেক লুঙ্গি এবং গায়ে সাদা পাঞ্জাবি ছিল। স্থানীয়রা ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে। পুলিশ ওই বৃদ্ধের পরিচায় জানাতে পারেনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, গাজীপুর মহানগরীর গাছা (কামরজুড়ি) এলাকার ময়লার স্তূপ থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ওই এলাকার ময়লার স্তুুপ থেকে ওই কঙ্কাল উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান বলেন, স্থানীয়রা কামরজুড়ি এলাকার একটি ময়লার স্তূপে মাথার খুলি, মেরুদণ্ড ও বুকের পাঁজড়ের হাড় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই ময়লার স্তুপ থেকে কঙ্কালগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। কঙ্কালটির লিঙ্গ ও পরিচয় শনাক্ত করা যায়নি। ফরেনসিক রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। ধারণা করা হচ্ছে কঙ্কালগুলো অজ্ঞাত কোনো শিশুর। কঙ্কাল উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এনজে