শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন: ভিডিও ভাইরাল, জড়িতদের গ্রেপ্তারের দাবি

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৩-২৮ ১০:৪৫:১৪


শরীয়তপুরে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ মার্চ) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা আহ্বায়ক মহসিন মাদবর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে আগুন দেওয়ার একটি ভিডিও পোস্ট করেন।

১৭ সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করে মহসিন মাদবর লেখেন, ‘সাব্বাশ শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মী। শরীয়তপুরের জুলাই স্মৃতি নামক ভন্ডামীতে আগুন দেওয়ায় অসংখ্য ধন্যবাদ জানাই।’

ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত এক ব্যক্তি জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিচ্ছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় , জুলাই আন্দোলনে নিহত শরীয়তপুরের ১৪ জনকে স্মরণ করে শহরের শহীদ মিনারের পাশে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়। কংক্রিটের বেদির ওপর লোহার কাঠামোতে তৈরি এই স্থাপনাটিতে শহীদদের নাম খোদাই ছিল।

এ বিষয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, প্রশাসনের ব্যর্থতার কারণে বারবার এ ধরনের ঘটনা ঘটছে।এটি শুধু একটি অগ্নিকাণ্ড নয়, পুরো জুলাইকে অবমাননা করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত ও শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি আগে ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এনজে