প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে ঢাকা চেম্বারের সভাপতির সাক্ষাৎ
সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৪-০৭ ১৯:৩৭:০৭
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি তাসকীন আহমেদ।
সোমবার (৬ এপ্রিল) তিনি বাংলাদেশ সচিবালয়ের মুখ্য সচিবের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে জ্বালানি সংকটের অভিঘাত মোকাবেলায় সরকার ইতোমধ্যে বেশকিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে, যা অত্যন্ত সময়োপযোগী। তবে জনগণের জীবন-জীবিকা, কর্মসংস্থান, শিল্প-কারখানার উৎপাদন সহ সর্বপোরি দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত রাখার বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনায় রাখতে হবে।
এ বিষয়ে তিনি বেসরকারি খাতের সাথে আরো নিবিড় আলোচনার মাধ্যমে আগামীতে পরিস্থিতি মোকাবেলায় সুনির্দিষ্ট কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের উপর জোরারোপ করেন।
বাংলাদেশের এলডিসি উত্তরণ পিছিয়ে নিতে সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ডিসিসিআই সভাপতি বলেন, এটির বাস্তবায়নে আন্তর্জাতিক পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে সরকারের যোগাযোগ অব্যাহত রাখতে হবে এবং বাংলাদেশের এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষকরে বেসরকারিখাতের অংশগ্রহণ ও সুপারিশ বাস্তবায়নে সরকারকে আরো উদ্যোগী হতে হবে।
তিনি জানান, করোনা মহামারী থেকে বর্তমানের সংকটের কারণে দেশের সিএমএসএমই খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ। যদি এই খাত আমাদের মোট জিডিপিতে ৩০% অবদান রাখার পাশাপাশি শিল্পখাতের মোট কর্মসংস্থানের প্রায় ৮০% সুযোগ তৈরি করে আসছে। এসএমই খাতের উদ্যোক্তাদের সমস্যা নিরসনে স্বল্পসুদে ঋণ সুবিধা প্রবর্তন ও ঋণ প্রাপ্তি নিশ্চিতকরণ, ঋণ প্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণ, প্রণোদনা ও কর অব্যাহতি প্রভৃতি উদ্যোগ গ্রহণে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তাসকীন আহমেদ।
এ সময় মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, জনগণের রায়ে নির্বাচিত বর্তমান সরকার দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা মেটাতে বদ্ধ পরিকর। সেই সাথে তিনি দেশের সামগ্রিক অর্থনীতি বিকাশ ও শিল্প-কারখানার কার্যক্রমকে বেগবান করতে বেসরকারি খাতের সাথে সংলাপের মাধ্যমে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলা কথা বলেন। এছাড়াও তিনি আগামী দিনের অর্থনৈতিক লক্ষ্যমাত্রা বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ ও কার্যকরের আশ্বাস প্রদান করেন।
এসময় ডিসিসিআই-এর সিনিয়র সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান এবং মহাসচিব (ভারপ্রাপ্ত) ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী এ সময় উপস্থিত ছিলেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














