সিরাজগঞ্জে অবৈধ জ্বালানি মজুত: ২ ব্যবসায়ীর কারাদণ্ড
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৪-১০ ১৫:৪৮:২০
সিরাজগঞ্জ জেলায় জ্বালানি তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে কারাদণ্ড এবং আরও দুইজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে মোট ৭০৯ লিটার ডিজেল ও ৫ লিটার মবিল জব্দ করা হয়েছে।
শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আসসাদিকুজ্জামান।
প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে চারটি পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব অভিযানে তেলের অবৈধ মজুত ও মূল্য কারসাজির প্রমাণ মেলায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে দুই ব্যবসায়ীকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এছাড়া অন্য দুই মামলায় আরও দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে অবৈধভাবে মজুত করা ৭০৯ লিটার ডিজেল ও ৫ লিটার মবিল জব্দ করা হয়। পরে জব্দকৃত ডিজেল তদারকি কর্মকর্তার উপস্থিতিতে সরকার নির্ধারিত ৯৬ দশমিক ৩৯ টাকা লিটার দরে স্থানীয় একটি ফিলিং স্টেশনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রির জন্য হস্তান্তর করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসসাদিকুজ্জামান বলেন, বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতা রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













