হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৪-১১ ১৪:৫৭:৫১


ঢাকা থেকে নিজ জেলা লালমনিরহাট যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (১১ এপ্রিল) সকালে দুই দিনের সফরে ঢাকা থেকে বিমানযোগে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হন তিনি। সকাল সাড়ে ৮টার দিকে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।

রক্তচাপ কমে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে বলে সবশেষ জানা গেছে।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিমানবন্দরে অবতরণের পর রেস্টরুমে বসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন আসাদুল হাবিব দুলু। এ সময় হঠাৎ মাথা ঘুরে অসুস্থবোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে বিমানবন্দরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর দ্রুত তাকে সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচে নেয়া হয়। সেখানে চিকিৎসা নেয়ার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

ঢাকায় পাঠানোর প্রস্তুতির বিষয়ে গফুর সরকার বলেন, ‘নেতাকর্মীদের পরামর্শে আসাদুল হাবিব দুলুকে দুপুর ১২টা ১০ মিনিটের বিমানে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছিল। তবে তার শারীরিক অবস্থা ভালো না হওয়ায় বিমানে যেতে পারেননি। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হয়েছে; সৈয়দপুর পৌঁছালে সেটিতে মন্ত্রীকে ঢাকায় নেয়া হবে।’

বিএইচ