প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনির সঙ্গে বিএসইসির বৈঠক

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৪-১৬ ১৮:৩৩:০৪


প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনির সাথে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি’র কার্যালয়ে বেলা ১১টা বৈঠকটি শুরু হয়।

বৈঠকে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, মোঃ আলী আকবর, ফারজানা লালারুখ এবং মোঃ সাইফুদ্দিনসহ বিএসইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভূমিকা, সামগ্রিক কার্যাবলি ও প্রাতিষ্ঠানিক কাঠামো ও সক্ষমতা, পুঁজিবাজারের ইকোসিস্টেম ও রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নিয়ে একটি প্রেজেন্টেশন তুলে ধরা হয়। পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসি কর্তৃক বাস্তবায়িত উল্লেখযোগ্য কার্যক্রম ও অর্জিত সাফল্য এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিএসইসির ভবিষ্যত পরিকল্পনাসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিষয়সমূহ এতে তুলে ধরা হয়।

পুঁজিবাজারের সংস্কার ও টেকসই উন্নয়নে সাম্প্রতিক সময়ে বিএসইসি কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে বিশেষ সহকারীকে অবহিত করা হয়। এসময় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

গত ২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান তানভীর গনি। তিনি হংকং-ভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘টাইবোর্ন ক্যাপিটাল ম্যানেজমেন্ট’-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। টাইবোর্ন ক্যাপিটাল ম্যানেজমেন্ট হলো এশিয়া-ভিত্তিক একটি বৈশ্বিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান, যারা পাবলিক ও প্রাইভেট উভয় শেয়ার বাজারে মৌলিক গবেষণা নির্ভর বিনিয়োগের মাধ্যমে কাজ করে থাকে।

বিএইচ