বিডার রয়্যালটি সেবা পুরোপুরি ডিজিটাল, অনুমোদনের সময় কমে ৭ দিন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৫-০৭ ১৩:৩৭:২২
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) রয়্যালটি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফি এবং আউটওয়ার্ড রেমিট্যান্স অনুমোদন সেবা এখন পুরোপুরি ডিজিটাল হয়েছে। এর ফলে আগে যেখানে অনুমোদন পেতে দেড় থেকে দুই মাস সময় লাগত, এখন তা কমে ৭ থেকে ১০ কার্যদিবসে নেমে এসেছে।
বিডা জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেবাটি পূর্ণাঙ্গভাবে অনলাইনে চালু করা হয়েছে। বর্তমানে বিনিয়োগকারীরা বিডার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই আবেদন করতে পারছেন। ডিজিটালাইজেশনের ফলে সেবা গ্রহণের সময় কমেছে প্রায় ৮৩ শতাংশ এবং কাজের গতি বেড়েছে প্রায় ছয় গুণ।
বিডার তথ্য অনুযায়ী, আগে বিদেশি কোম্পানিগুলোকে প্রায় ৫০০ পৃষ্ঠার সহায়ক নথি ম্যানুয়ালি জমা দিতে হতো। এসব নথি যাচাই, সারসংক্ষেপ তৈরি, অভ্যন্তরীণ নোটিং, পর্যালোচনা ও চূড়ান্ত অনুমোদন সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগত। এখন বিডা ওএসএস পোর্টালে কাঠামোবদ্ধ ডিজিটাল ইনপুট ও হাইলাইট ব্যবস্থা চালু হওয়ায় যাচাই ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দ্রুত ও সহজ হয়েছে।
এছাড়া বিনিয়োগকারীরা এখন অনলাইনে আবেদনের অগ্রগতি ট্র্যাক করতে পারছেন। সেবার ফি পরিশোধ ব্যবস্থাও সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করা যাচ্ছে।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “আমরা আরেকটি গুরুত্বপূর্ণ গ্যাপ পূরণ করেছি। বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিনিয়োগ সেবা সময়মতো, সহজ ও সুশৃঙ্খল ডকুমেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রদান করা জরুরি। রয়্যালটি সেবা সম্পূর্ণ ডিজিটাল করার মাধ্যমে সেবার গতি ও যাচাই প্রক্রিয়া আরও কাঠামোবদ্ধ ও মানসম্মত হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা আরও নির্ভরযোগ্য, স্বচ্ছ ও কার্যকর সেবা পাবেন।”
এই রূপান্তর প্রক্রিয়ায় কারিগরি সহায়তা দিয়েছে ইউএনডিপি বাংলাদেশ এবং বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করেছে বিজনেস অটোমেশন লিমিটেড।
বর্তমানে বিডা ওএসএস পোর্টালের মাধ্যমে ৪৭টি সংস্থার ১৪২টির বেশি বিনিয়োগ সেবা পাওয়া যাচ্ছে। এর মধ্যে বিডার নিজস্ব সেবার সংখ্যা ৪০টি।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














