ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৫-১১ ১৬:৫০:৪২
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনিক কুমার দাসকে হত্যাচেষ্টার অভিযোগে কোতোয়ালি থানার মামলায় ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ও বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।
এ মামলায় দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে আফজাল নাছেরকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার উপ-পরিদর্শক কে এম আবদুল হক।
এসময় রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে মহানগর দায়রা জজ আদালতের সামনে গেলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত গুলিতে আহত হন অনিক। তাকে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন। ওই ঘটনায় ২০২৪ সালের ২১ নভেম্বর অনিক কুমার দাস বাদী হয়ে কোতোয়ালি থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
গত ৩০ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়। এরপর বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানার মামলায় তাকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হয়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













