বিশ্ববাজারে ফের কমল মূল্যবান ধাতু স্বর্ণের দাম

আপডেট: ২০২৬-০৫-২২ ১৪:৩৩:১৫


বৈশ্বিক বাজারে ফের কিছুটা কমেছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং বিশ্ববাজারে তেলের চড়া দামের কারণে স্বর্ণের দাম কিছুটা কমেছে। তেলের উচ্চ মূল্যের কারণে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদহার আরও বাড়াতে পারে—বিনিয়োগকারীদের এমন পূর্বাভাসের পরই মূল্যবান এ ধাতুর দামে পতন লক্ষ্য করা গেছে। খবর রয়টার্সের।

শুক্রবার (২২ মে) বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫২২.০৬ ডলারে নেমে এসেছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় শূন্য দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে, আগামী জুন মাসে সরবরাহের চুক্তি অনুযায়ী মার্কিন স্বর্ণের ফিউচার প্রাইসও শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫২২.৩০ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে, বর্তমানে মার্কিন ডলারের সূচক গত ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি রয়েছে। ডলারের দাম বাড়ার কারণে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী ক্রেতাদের জন্য ডলারের মূল্যে নির্ধারিত স্বর্ণ কেনা বেশ ব্যয়বহুল হয়ে পড়েছে।

এনজে