সম্পাদকদের নতুন সংগঠন ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল’-এর আত্মপ্রকাশ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৬-০২ ১৭:৩১:৩২
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্যে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি) নামে নতুন একটি সংগঠন তৈরি করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দৈনিক আমার দেশ কার্যালয়ে এক বৈঠকে বিভিন্ন দৈনিকের সম্পাদকেরা এই কাউন্সিল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন।
বৈঠকে যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমানকে আহ্বায়ক ও আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— নয়া দিগন্তের সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান সোহেল, দৈনিক সংগ্রামের সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, নিউ নেশনের সম্পাদক মোকাররম হোসেন, ওয়াদার সম্পাদক শফিকুল আলম, মানব কণ্ঠের সম্পাদক শহীদুল ইসলাম, লোকসমাজের সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, ডেইলি পিপলস ভিউয়ের সম্পাদক ওসমান গনি মনসুর ও জালালাবাদ-এর সম্পাদক মুকতাবিস উন নূর।
ফ্যাসিবাদের দীর্ঘ দেড় দশকের শাসনামলে সংবাদমাধ্যমের যে অবক্ষয় ঘটেছে, তার অবসানের লক্ষ্যে নতুন এই সংগঠন তৈরির প্রয়োজনীয়তার বিষয়ে সম্পাদকেরা ঐকমত্য পোষণ করেন।
বৈঠকে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি এবং যত দ্রুত সম্ভব জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সম্পাদকদের নিয়ে জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














