বাজারে আস্থা ফেরাতে নতুন মুখ, পরীক্ষিত হাত: পুঁজিবাজার সংস্কারের নতুন অধ্যায়ে মাসুদ খান
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৬-০৪ ১৪:০৭:৫৬
দেশের পুঁজিবাজার দীর্ঘদিন ধরে অস্থিরতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে। কখনো অস্বাভাবিক উত্থান, আবার কখনো আকস্মিক পতন- এমন ওঠানামা বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি করছে।
ঠিক সে সময় বাজারের আস্থা ফেরাতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন মাসুদ খান। পুঁজিবাজার সংস্কারের নতুন অধ্যায় হিসেবে মাসুদ খানকে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বাংলাদেশের সামগ্রিক কর্পোরেট ইতিহাসে মাসুদ খান এক অনন্য নাম। চার দশকেরও বেশি সময় ধরে তিনি দেশি-বিদেশি বড় বড় কোম্পানিতে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি ভারত থেকে তার শিক্ষা ও পেশাগত জীবন শুরু করেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে একাউন্টিংয়ে স্নাতক (অনার্স)। তিনি ভারত থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (সিএমএ) ডিগ্রি অর্জন করেন। ১৯৭৭ সালে ভারতের সিএ পরীক্ষায় তিনি সারা দেশে দ্বিতীয় স্থান (সিলভার মেডেলিস্ট) অধিকার করেছিলেন। একইসাথে চার্টার্ড ও কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টে তিনি ডিস্টিংশান অর্জন করেন।
মাসুদ খানের ক্যারিয়ারের বড় অংশ জুড়ে ছিল বিশ্বের নামকরা মাল্টিন্যাশনাল কোম্পানি। ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে তিনি তার ক্যারিয়ারের ২০ বছর কাটিয়েছেন। বাংলাদেশ ছাড়াও লাইবেরিয়া (পশ্চিম আফ্রিকা) সহ বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ ফিন্যান্স ও ম্যানেজমেন্ট পদে দায়িত্ব পালন করেছেন।
লাফার্জহোলসিম বাংলাদেশে তিনি ১৮ বছর প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে কাজ করেছেন। কোম্পানিটিকে বাংলাদেশের পুঁজিবাজারে প্রতিষ্ঠিত করতে তার বিশাল ভূমিকা ছিল।
২০১৭ সালে তিনি ক্রাউন সিমেন্ট গ্রুপের ক্রাউন সিমেন্টে সিইও (সিইও) হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি এই গ্রুপের প্রধান উপদেষ্টা হিসেবে কর্মরত।
ইউনিলিভার কনজিউমার কেয়াররের তিনি বর্তমান চেয়ারম্যান। তিনি মারিকো বাংলাদেশ, বার্জার পেইন্টস, সিঙ্গার বাংলাদেশ, কমিউনিটি ব্যাংক এবং ভিয়েটেল্যাক্স লিমিটেডের মতো বড় বড় প্রতিষ্ঠানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বা করেছেন।
কর্পোরেট জগতের বাইরেও তিনি একজন নিবেদিত শিক্ষক। মাসুদ খানের ৪৬ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত শিক্ষক তিনি। তিনি গত ৪৬ বছর ধরে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএবি)-এ লেকচারার হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি বিভিন্ন সেমিনার এবং ট্রেনিংয়ে নিয়মিত বক্তব্য দেন। টিভি অনুষ্ঠানে তিনি নিয়মিত আর্থিক খাতের বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করেন।
প্রোফেশনাল ও ইন্ডাস্ট্রি বিভিন্ন ইস্যুর ওপর তার বিভিন্ন আর্টিকেল প্রায়ই দৈনিক পত্রিকাগুলোর পাশাপাশি আন্তর্জাতিক ও স্থানীয় ম্যাগাজিনগুলোতে ছাপানো হয়।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













