পুলিশের জন্য ২১২ পিকআপ ক্রয়ের অনুমোদন, ব্যয় ১৮২ কোটি ৩২ লাখ টাকা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৬-১০ ১৪:১০:০৮


বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রম অব্যাহত রাখা ও আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ২১২টি ডাবল কেবিন পিকআপভ্যান কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ পিকআপগুলো সরবরাহ করবে।

বুধবার (১০ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। এতে সভার সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে বাংলাদেশ পুলিশের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রম অব্যাহত রাখা ও আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এসব পিকআপ ক্রয় করা প্রয়োজন। এ বিষয়ে অর্থ বিভাগের সম্মতি গ্রহণ করা হয়েছে।

পরবর্তীতে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ২১২টি পিকআপ ক্রয়ের জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ‘প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছে দরপ্রস্তাব চাওয়া হলে প্রতিষ্ঠানটি প্রস্তাব দাখিল করে। টিইসি কর্তৃক প্রস্তাবটি গ্রহণযোগ্য বিবেচিত হয়। প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশকৃত গ্রহণযোগ্য দরদাতা প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড পিকআপগুলো সরবরাহ করবে। এতে ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।

২০২৪ সালে তৎকালীন সরকার উৎখাত আন্দোলনের রোষানলে পুলিশের বিপুল সংখ্যক যানবাহন ধ্বংস করা হয়। এর ফলে পুলিশের মুভমেন্ট ও আইন-শৃঙ্খলা রক্ষায় জটিলতা সৃষ্টি হয়। এসব গাড়ি পুলিশের কাজে সহায়ক ভূমিকা রাখবে।

এএ