মাটির পিএইচ মান বাড়াতে বিজ্ঞানীদের গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৬-১০ ১৬:৪৯:১২
দেশের মাটির পিএইচ মান বৃদ্ধি করে কৃষি উৎপাদনশীলতা বাড়াতে বিজ্ঞানীদের আরও কার্যকর গবেষণার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, কৃষি খাত শক্তিশালী হলে দেশের অধিকাংশ মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এবং জাতীয় অর্থনীতিও আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।
বুধবার (১০ জুন) রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আয়োজিত বার্ষিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর মৃত্তিকা বিজ্ঞানীদের সঙ্গে বৈঠকে দেশের গড় মাটির পিএইচ মান সম্পর্কে জানতে চাইলে তাঁরা জানান, তা প্রায় ৪.৫। কিন্তু অধিকাংশ ফসলের জন্য উপযুক্ত পিএইচ মান ৬.৫ বা তার বেশি হওয়া প্রয়োজন। এ অবস্থায় মাটির গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় গবেষণা ও কার্যকর সমাধান বের করতে বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “আমি বিশ্বাস করি, কৃষি দাঁড়ালে দেশের ৭৫ শতাংশ মানুষের অর্থনীতি দাঁড়িয়ে যাবে। কৃষি খাতের উন্নয়ন হলে দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।”
বাংলাদেশের কৃষি সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশ বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকলেও বাংলাদেশে ১২ মাসই কোনো না কোনো ফসল উৎপাদনের সুযোগ রয়েছে। এত সম্ভাবনা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ার কারণ খুঁজে বের করতে বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান তিনি।
মাটির পিএইচ মান উন্নয়নে দ্রুত গবেষণার তাগিদ দিয়ে কৃষিমন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে এ বিষয়ে কার্যকর গবেষণা ফলাফল দেখতে চান তিনি। ইতোমধ্যে এক ফসল থেকে আরেক ফসলের মধ্যবর্তী সময়কে কাজে লাগিয়ে গবেষণার উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
কৃষিতে বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের কৃষক, মাটি, আবহাওয়া ও প্রাকৃতিক পরিবেশ কৃষির জন্য অত্যন্ত উপযোগী। তবে মাটির গুণগত মান রক্ষা এবং উৎপাদনশীলতা বাড়াতে আরও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় অতিরিক্ত কীটনাশক ব্যবহারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারে মাটি, পরিবেশ, ফসল ও মানুষের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ খাতে মান নিয়ন্ত্রণ আরও জোরদার করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
বিজ্ঞানীদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে গবেষণা ও উদ্ভাবনে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














