পুঁজিবাজারে নতুন কোম্পানি আনতে বড় পরিকল্পনা সরকারের

সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৬-১১ ১১:১৬:৪৫


দীর্ঘদিন ধরে দেশের পুঁজিবাজারে নতুন কোনো প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আসছে না। ফলে বাজারে নতুন বিনিয়োগের সুযোগ সীমিত হয়ে পড়েছে এবং বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে। বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, মানসম্মত কোম্পানির আইপিও না আসায় বাজারের গভীরতা ও তারল্য বৃদ্ধিও বাধাগ্রস্ত হচ্ছে। তাই পুঁজিবাজারের স্বাভাবিক বিকাশে নতুন ও ভালো কোম্পানিকে বাজারে আনার উদ্যোগ জোরদারের দাবি উঠেছে।

এমন বাস্তবতায় পুঁজিবাজারে নতুন কোম্পানি আনতে বড় পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আজ ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এমন প্রস্তাব দিতে যাচ্ছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

জানা গেছে, পুঁজিবাজারকে আরও গভীর, স্বচ্ছ, বহুমাত্রিক ও আস্থাভিত্তিক করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে:
ভালো ও সম্ভাবনাময় কোম্পানিগুলোর পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া সহজ করতে অপ্রয়োজনীয় জটিলতা, দীর্ঘসূত্রিতা, অতিরিক্ত ব্যয় এবং অনুমোদন ও পরিপালন-সংক্রান্ত অস্পষ্টতা কমানো হচ্ছে।

আইপিও প্রক্রিয়া সময়নির্ধারিত ও প্রযুক্তিনির্ভর করা হবে। আবেদন দাখিল, আনুষঙ্গিক দলিলাদি, যাচাই-বাছাই, ফি পরিশোধ, সংশোধন ও অনুমোদনের ধাপ অনলাইনে সম্পন্ন করা হবে। ইস্যুকারী কোম্পানি, ইস্যু ম্যানেজার, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে করা হবে।