ইসলামী ব্যাংককে আজ আরও ২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৬-১৫ ১৫:৪১:৩৬
বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ইসলামী ব্যাংক আজ (১৫ জুন) আরও ২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন।
সাংবাদিকদের তিনি বলেন, গতকালও আমরা বাংলাদেশ ব্যাংক থেকে ২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছি। গতকাল পাওয়া অর্থ এখনো আমাদের ব্যবহার করতে হয়নি।
আলতাফ হোসেন বলেন, যেসব গ্রাহক তাদের আমানত তুলে নিয়েছেন, তারা ব্যাংকের প্রতি আবারও আস্থা ফিরে পাবেন এবং ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।
ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এই কর্মকর্তা বলেন, গ্রাহকদের আস্থা ফেরার লক্ষণ ইতোমধ্যে দেখা যাচ্ছে।
তিনি বলেন, ব্যাংকের একটি বড় শাখা থেকে আমরা মাত্রই তথ্য পেয়েছি, আগের তুলনায় সেখানে হিসাব বন্ধের সংখ্যা ৭৫ শতাংশ কমেছে।
এর আগে গতকাল ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। এতে চেয়ারম্যান মো. খুরশীদ আলমসহ পর্ষদের সদস্যরা বাদ পড়েন। আমানত তুলে নেওয়ার প্রবণতা ও গ্রাহকদের মধ্যে ক্রমবর্ধমান অনিশ্চয়তার কারণে ব্যাংকটি তীব্র তারল্য সংকটে পড়ার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।
পরিস্থিতি স্থিতিশীল করতে দেশের সবচেয়ে বড় শরিয়াহভিত্তিক ব্যাংকটিতে প্রশাসক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকেরই নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













