ভরিতে ৪৩৭৪ টাকা কমলো সোনার দাম

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৬-১৯ ১১:০৮:৩৩


দেশের বাজারে কমানো হয়েছে মূল্যবান ধাতু সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

শুক্রবার (১৯ জুন) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এদিন সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার প্রথমবারের দেশের বাজারে ভ্যাটসহ সোনার দাম নির্ধারণ করে বাজুস। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সোনার ওপর ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে ভরি প্রতি ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম কমে ৯ হাজার ১৩ টাকা।

এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ১৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

এনজে