৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৬-২৫ ১৬:২৭:২৫
৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৫ জুন) হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। আদেশের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ৪৩তম বিসিএস নন-ক্যাডার যে নিয়োগ হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়াটি আইন অনুযায়ী হয়নি। এটা কোর্ট বলেছেন। নিয়োগ স্বচ্ছভাবে হয়নি।
আইনের ব্যত্যয় ঘটিয়ে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। তাই কোর্ট এখানে নির্দেশ দিয়েছেন যে, আগামী ৬০ দিনের মধ্যে পুনরায় এই নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছভাবে, মেধাতালিকা প্রকাশ করে সম্পন্ন করতে হবে।
এর আগে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব জানিয়েছিলেন, ৪৩তম বিসিএসের ৭৭৩ জন প্রার্থী একটি রিট করেন। ৪৪তম বিসিএসের ফল প্রকাশ না করা পর্যন্ত যত নন-ক্যাডার শূন্যপদ হবে, তার তালিকা করে ৪৩তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থীদের থেকে নিয়োগে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী মো. মারুফ হোসেন, মো. হাসান সরদার, মো. ফারুকুল ইসলামসহ ৫০০ জন বাদী হয়ে রিটটি করেছিলেন। পরবর্তীতে আরও ২৭৩ জন আবেদনকারী হিসেবে যুক্ত হন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













