জাকির হোসেনের নিয়োগ বাতিল, নতুন ডেপুটি গভর্নর আনিসুর রহমান

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৭-০৬ ২২:০৪:২০


বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। একই সঙ্গে অবসরে যাওয়া নির্বাহী পরিচালক মো. আনিসুর রহমানকে ডেপুটি গভর্নর পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রথম প্রজ্ঞাপনে বলা হয়, গত বছরের ৮ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মো. জাকির হোসেন চৌধুরীর অবশিষ্ট নিয়োগের মেয়াদ জনস্বার্থে বাতিল করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

অন্য প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর আর্টিকেল ১০(৪) অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আনিসুর রহমানকে তাঁর বর্তমান পদ থেকে স্বেচ্ছা অবসর গ্রহণ ও অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে ডেপুটি গভর্নর পদে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে এবং জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নতুন নেতৃত্ব যুক্ত হলো। তবে সরকার জাকির হোসেন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করেনি।

বিএইচ