বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-৩১ ১০:২৭:০৩
সৌদি কর্তৃপক্ষ লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি ও এডেন উপসাগরের নৌপথ সুরক্ষায় বাংলাদেশসহ ১৪টি দেশ নিয়ে একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে। এই জোটের মূল লক্ষ্য আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ সুরক্ষিত রাখা এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা।
সৌদি আরব বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালি এবং এর আশপাশের নৌপথে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে তারা একটি সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা গত সপ্তাহে সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পর এই উদ্যোগ নেওয়া হলো। হুথিরা দাবি করেছে, তারা লোহিত সাগরে সৌদি তেলবাহী জাহাজ এবং দেশটির তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।
বাব আল-মান্দাব প্রণালি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ।
বিশেষ করে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কারণে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি রপ্তানি ব্যাহত হওয়ার পর এই পথ দিয়ে সৌদি আরবের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জোটভুক্ত ১৪টি দেশের পক্ষে এক যৌথ বিবৃতিতে জানায়, জোটের সদস্য দেশগুলো হলো—সৌদি আরব, বাহরাইন, বাংলাদেশ, জিবুতি, মিসর, জর্দান, কুয়েত, নাইজেরিয়া, পাকিস্তান, কাতার, সোমালিয়া, সুদান, তুরস্ক ও ইয়েমেন।
বিবৃতিতে বলা হয়, এই জোটের লক্ষ্য হলো সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা, নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্যপথ ও জ্বালানি সরবরাহ লাইন সুরক্ষিত রাখা এবং বাব আল-মান্দাব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে সদস্য দেশগুলোর অভিন্ন সামুদ্রিক স্বার্থ রক্ষা করা।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জোট গঠন নিয়ে বৃহস্পতিবার রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে ৫১টি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
এতে ৪৩টি দেশের প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল অংশ নেয়। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ১৪টি দেশ আনুষ্ঠানিকভাবে জোটে সমর্থন জানিয়েছে এবং অন্য কয়েকটি দেশ সমর্থন দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে।
সূত্র : গালফনিউজ
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














