চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৯-১৬ ০৯:৪৫:৩৩


চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে মঙ্গলবার বিকেলে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

সদর উপজেলার মহামায়াসংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কচুয়া উপজেলার ফতেহপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে মোহর আলী (৬০) এবং সিএনজিচালক কবির মাল।

তবে চালক কবির ও আহত দুজনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের বরাতে জানা গেছে, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা হাজীগঞ্জের দিকে যাচ্ছিল।

পথে সামনে থাকা একটি প্রাইভেট কার হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা অটোরিকশাটি সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সামনে গিয়ে পড়ে। পরে তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়।

এসময় অটোরিকশার চালক ও যাত্রীরা সড়কে ছিটকে পড়েন।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। আহত অন্য দুজন হাসপাতালে চিকিৎসা নেন।

দুর্ঘটনার খবর পেয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ ঘটনাস্থলে যান।

স্থানীয়দের সহযোগিতায় তিনি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেন।

পরে চাঁদপুর সদর মডেল থানাকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপটি জব্দ করে থানায় নিয়ে যায়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ত্রিমুখী সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনজে