কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণ পুনর্গঠনের সময়সীমা বৃদ্ধি
সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৯-২৪ ১৭:২২:১৩
কাঁচাপাট রপ্তানিকারকদের দীর্ঘদিনের ব্যবসায়িক ও আর্থিক সমস্যা সহজে সমাধানের লক্ষ্যে ঋণ পুনর্গঠনের সময়সীমা বাড়িয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি বিশেষ সার্কুলার জারি করা হয়।
সার্কুলার অনুযায়ী, কাঁচাপাট খাতের ব্যবসায়ীদের জন্য এর আগে বিভিন্ন সময়ে একাধিক নির্দেশনা ও সার্কুলার জারি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় নতুন সার্কুলারে কাঁচাপাট রপ্তানিকারকদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণ বা বিনিয়োগ হিসাব পুনর্গঠনের জন্য ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখভিত্তিক খেলাপি ঋণের স্থিতির মাত্র দুই শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে ৩০ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করার সুযোগ ছিল। তবে কাঁচাপাট রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন জটিলতার কারণে অনেক গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি।
বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি বিবেচনায় নিয়ে কাঁচাপাট রপ্তানিকারকদের খেলাপি ঋণের তিন স্তর—এসএস, ডিএফ ও বিএল—এর স্থিতির দুই শতাংশ ডাউন পেমেন্ট গ্রহণ করে পুনর্গঠন সুবিধা নেওয়ার জন্য নতুন করে ব্যাংকে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। এ আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
নির্দেশনায় আরও বলা হয়েছে, এই সার্কুলারের আওতায় ব্যাংকগুলোর কাছে পাওয়া সব আবেদন প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য যাচাই করে ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে বাধ্যতামূলকভাবে নিষ্পত্তি করতে হবে।
তবে আগের সার্কুলারগুলোতে বর্ণিত অন্যান্য সব শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














