পরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৯-২৪ ২০:০২:৩১


পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে দেশের অভ্যন্তরে আওয়ামী তৎপরতা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ মিছিল অনুষ্ঠিত হয়।

বিগত কিছুদিন যাবৎ দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তারা রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন ঘটনা ঘটান। এছাড়া ‘ঢাকা লকডাউন’ নামে একটি কর্মসূচির ডাকও দেওয়া হয়। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল।

এসময় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামীলীগ পরিকল্পিতভাবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা অর্থের বিনিময়ে অপরাধমূলক কর্মকান্ডের ছবি/ভিডিও ধারণ করছে। যখন প্রধানমন্ত্রী জাতিসংঘের ৮১তম অধিবেশনে বক্তব্য রাখছেন, সেখানে রোহিঙ্গাদের সমস্যা নিয়ে, গ্যাস ও তেল সংকট নিয়ে কথা বলছেন তখন তারা এসব অপরাধমূলক কাজ করতেছেন। গ্যাস ও তেল সরবরাহ আগের মতো হলে মূল্য আগের মতই কমিয়ে আনা হবে বলেও জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণকে কখনো কষ্ট দিতে চায় না।

তিনি বলেন, যারা আগুন লাগাচ্ছে, যারা বোমাবাজি করছে তারা স্বাধীনতার শত্রু, তারা গণতন্ত্রের শত্রু।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল বলেন, তারেক রহমান যখন দেশের ভঙ্গুর অর্থনীতিকে সুসংগঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, ঠিক তখনই আট মাসের এই সরকারকে বিপদে ফেলার জন্য শেখ হাসিনার একটি মহল ও দেশের মধ্যে লুকিয়ে থাকা একটি চক্র বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে মানুষের স্বাভাবিক জীবনকে ব্যাহত করে উন্নয়নকে বাধাগ্রস্ত করা হচ্ছে। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বিএনপি সরকার জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করেছে। জনগণকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যাব।

বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আওয়ামী লীগ সম্পূর্ণ বাংলাদেশে নিষিদ্ধ। আমরা তাদের নৈরাজ্য, ফ্যাসিবাদ, দুর্নীতি ও দুঃশাসন দেখেছি। কিছুদিন যাবৎ তারা দেশে সন্ত্রাসী কার্যক্রম কায়েম করতে লিপ্ত হয়েছে। যারা সংসদে আমাদের বিরোধী দল, তাদেরও হালকা করে দেখার কিছু নেই। আমরা তাদের অনেক ধরনের কর্মসূচি ও অসহযোগিতা দেখেছি, লং মার্চ দেখেছি। তারা রাজনীতির মাঠে গালিগালাজ করছে। তাদের মধ্যে রাজনৈতিক শিষ্টাচার নেই, শালীনতা নেই।

তিনি নতুন করে দেশ গড়ার প্রত্যয় নিয়ে দেশের মানুষের সহযোগিতা কামনা করেন।

বিক্ষোভ মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সকল নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএইচ