বিরোধীদলীয় নেতা

মিডিয়া ঠিক থাকলে রাষ্ট্রের তিন স্তম্ভের মেরুদণ্ড সোজা থাকবে

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৯-২৩ ১৬:১৯:৫৭


গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের অন্য তিন সাংবিধানিক স্তম্ভ—আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের ‘মেরুদণ্ড সোজা’ থাকবে।

তিনি বলেন, মিডিয়া ঠিক থাকলে বাকি তিন প্লেয়ারের মেরুদণ্ড সোজা থাকবে। কিন্তু মিডিয়া যখন হাইড অ্যান্ড সিক করবে, তখন মেরুদণ্ড সোজা থাকবে না।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বড় কোনো কর্মসূচির ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বশীল ও যুক্তিভিত্তিক কাভারেজ প্রয়োজন। জনগণের দাবি নিয়ে কোনো রাজনৈতিক দল মাঠে নামলে সেটি জনগণের স্বার্থে হলে গণমাধ্যমের উচিত তার যথাযথ প্রতিফলন ঘটানো।

তিনি বলেন, আমরা ক্রেডিটের জন্য আন্দোলন করছি না। আমরা জনগণের অধিকার পাহারা দেওয়ার জন্য আন্দোলন করছি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, দেশটি শুধু সরকারি দলের নয়, বিরোধী দলেরও নয়; এটি সবার। দেশ ভালো থাকলে সবাই ভালো থাকবে এবং দেশ বিপদে পড়লে সবাই বিপদে পড়বে।

গণমাধ্যমকর্মীদের অধিকার ও রাষ্ট্রীয় দায়িত্ব—দুটিই বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সাংবাদিকরা দেশের নাগরিক এবং গণমাধ্যম রাষ্ট্রের ‘ফোর্থ পিলারের পাহারাদার’।

তিনি আরও বলেন, রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিগুলোর মধ্যে যেগুলো জনগণের সঙ্গে সম্পর্কিত, সেগুলো গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট। ভবিষ্যতে গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো যেন গণমাধ্যম সময়মতো জানতে পারে, সে বিষয়ে দলীয় মিডিয়া বিভাগকে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

বিএইচ