একই দিনে কুবি-চবির ভর্তি পরীক্ষা, বিপাকে ভর্তিচ্ছুরা
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৯-২৪ ২১:২৬:৩১
২০২৬-২৭ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষার সূচিতে একই দিনে একই ধরনের ইউনিটের পরীক্ষা পড়েছে। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার কেন্দ্র ও সময় নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ভর্তি পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৭ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছুদের সুবিধার্থে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতেও পরীক্ষার কেন্দ্র রাখা হবে।
অন্যদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগীয় শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ পরিস্থিতিতে একই দিনে দুই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে ভর্তিচ্ছুদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। মাহমুদা আক্তার নামের এক ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কেন্দ্র হিসেবে বেছে নিতে চান। তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য ঢাকায় কোনো কেন্দ্র না থাকায় দুই পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে সমস্যায় পড়তে হবে।
বিষয়টি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনা হয়নি। বিষয়টি জানার পর তিনি খোঁজ নেওয়ার কথা জানান।
অন্যদিকে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসাইন সরকার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সকাল ১১টায় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিকেল ৩টায় হবে। ফলে শিক্ষার্থীরা একটি পরীক্ষা দিয়ে অন্যটিতেও অংশ নিতে পারবেন বলে তিনি মনে করেন।
তবে ভর্তি পরীক্ষা কমিটির কেন্দ্রীয় সদস্য ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. নুরুল করিম চৌধুরী বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে বৃহস্পতিবার প্রথম সভা হয়েছে। বিষয়টি তারা বিবেচনায় নিয়েছেন। পরীক্ষা অনুষ্ঠিত হতে এখনও প্রায় পাঁচ মাস সময় রয়েছে। এর মধ্যে পরীক্ষার সময় ও কেন্দ্র পরিবর্তন হতে পারে। গত বছরও পরীক্ষার আগে সময় পরিবর্তন করা হয়েছিল।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের পরীক্ষা ৫ ফেব্রুয়ারি, ‘বি’ ইউনিটের ৬ ফেব্রুয়ারি এবং ‘সি’ ইউনিটের পরীক্ষা ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














